রেকর্ড জরিমানার মুখে ফেসবুক
ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ভঙ্গের দায়ে রেকর্ড ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানার মুখে পড়েছে সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ফেসবুক। রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে ফেসবুকের আট কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য চলে যাওয়ার অভিযোগে এই জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।
তবে এই জরিমানা চূড়ান্ত হতে এখন মার্কিন বিচার বিভাগের সিভিল শাখার অনুমোদন পেতে হবে। আর কতদিনে এই অনুমোদন পাওয়া যাবে তা স্পষ্ট নয় বলে সংবাদ দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে পত্রিকাটি জানিয়েছে, ফেসবুকের বিরুদ্ধে ৩-২ ভোটে ৫০০ কোটি ডলার জরিমানার অনুমোদন দিয়েছে এফটিসি। তবে এই প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ এবং এফটিসি।
এর আগে চলতি বছরের শুরুতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল ৫০০ কোটি ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে আশা করছে তারা। এই জরিমানা চূড়ান্ত হলে তা কোনও প্রযুক্তি প্রতিষ্ঠানকে করা এফটিসির সর্বোচ্চ পরিমাণ জরিমানা হবে।
প্রসঙ্গত, গত বছর ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে যুক্ত যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের ৫ কোটি গ্রাহকের তথ্য সংগ্রহ করে ব্যবহার করেছে বলে তথ্য ফাঁস করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। পরে ফেসবুক কর্তৃপক্ষ নিজেই অতিরিক্ত ৩ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য চুরির নতুন তথ্য দেয়। তথ্য চুরির ঘটনায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উভয় দেশই ফেসবুকের প্রধান নির্বাহীর কাছে কৈফিয়ত তলব করে। ওই বছরের জুলাইতে যুক্তরাজ্যে ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করা হয়।
আর ওই বছরের মার্চ থেকে ফেসবুকের বিরুদ্ধে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। ব্যবহারকারীদের সঙ্গে ২০১১ সালের একটি চুক্তি ফেসবুক লঙ্ঘন করেছে কিনা তা খতিয়ে দেখা শুরু করে এফটিসি।